ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

চকলেটসহ নানা পণ্যে শুল্ক বাড়ছে, সংকুচিত বাজেটে চাপ বাড়ার আভাস।

নিজস্ব প্রতিবেদক:

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি ভোগ্যপণ্যের ওপর শুল্ক ও ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ব্যয়ের ওপর। বিশেষ করে আমদানি করা চকলেটের ক্ষেত্রে শুল্কায়নের ন্যূনতম মূল্য ৪ ডলার থেকে বাড়িয়ে ১০ ডলার নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এতে চকলেটের দাম বাড়বে বলে আশঙ্কা করছেন আমদানিকারক ও খুচরা বিক্রেতারা।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। জাতীয় সংসদ না থাকায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বাজেট ঘোষণা করা হয়।

এটি দেশের ইতিহাসে ৫৪তম জাতীয় বাজেট এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। ২০০৮ সালের পর এই প্রথমবার সংসদের বাইরে বাজেট উপস্থাপিত হলো। সে সময় সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাজেট ঘোষণা করেছিলেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।

জুলাইয়ের রাজনৈতিক পালাবদলের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সরকারের অধীনেই প্রথম বাজেট পেশ করলেন ড. সালেহউদ্দিন আহমেদ, যিনি এক সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন।

চলতি বাজেটের তুলনায় নতুন অর্থবছরে মোট ব্যয় কমানো হয়েছে ৭ হাজার কোটি টাকা। স্বাধীনতা-পরবর্তী ইতিহাসে এই প্রথমবারের মতো আগের বছরের তুলনায় বাজেটের আকার সংকুচিত হলো। অর্থ উপদেষ্টা বলেছেন, বাস্তবতা ও রাজস্ব ঘাটতির চাপ বিবেচনায় রেখেই এই সংকোচন। তার ভাষায়, “ঘাটতি নিয়ন্ত্রণে রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

অর্থ উপদেষ্টা আরও বলেন, এই বাজেট একটি সংস্কারভিত্তিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে, যার উদ্দেশ্য উন্নয়নের সুফলকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

নতুন বাজেট আগামী ৩০ জুন রাষ্ট্রপতির স্বাক্ষরের পর অধ্যাদেশ আকারে কার্যকর হবে। তবে বাজেট ঘোষণার দিন থেকেই বেশ কিছু প্রস্তাব, বিশেষ করে শুল্ক ও ভ্যাটসংক্রান্ত ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, বাজেটের এই ধরনের করবৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রত্যক্ষ  প্রভাব ফেলতে পারে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ওপর।

মতামত দিন