শিক্ষার্থীদের স্বস্তি, বলপয়েন্ট কলমে সব ধরনের কর প্রত্যাহার।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতীয় বাজেট উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেট বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের নিত্যপ্রয়োজনীয় এই লেখার উপকরণটি সহজলভ্য করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশের বাজারে ম্যাটাডর, অলিম্পিক, ইকোনো, আরএফএল ও মেঘনা ব্র্যান্ডের কলম বহুল ব্যবহৃত। এসব কলমের গুরুত্বপূর্ণ উপাদান কালি বিদেশ থেকে আমদানি করতে হয়।আমদানি পর্যায়ে এতদিন ১০% কাস্টমস শুল্ক, ৫% উৎসে কর এবং ৫% অগ্রিম করসহ মোট ২০% কর আদায় করা হতো।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে কলম উৎপাদনের ওপর ১৫% ভ্যাট আরোপ করা হলে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে তা কমিয়ে ৫% করা হলেও তা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বোঝা হয়ে থাকছিল।
বহুদিন ধরেই ভোক্তারা ও কলম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো কলমের ওপর থেকে সব ধরনের কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। অবশেষে অন্তর্বর্তী সরকারের এবারের বাজেটে সেই দাবি পূরণ হলো।
বিশ্লেষকরা বলছেন, শিক্ষা উপকরণে এই করছাড় শিক্ষা বিস্তারে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় কলম শিল্পের প্রতিযোগিতাও আরও বাড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা।
মতামত দিন