ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো চীনে আজ রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বুধবার ২৮ মে ২০২৫:

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চীনে রপ্তানি হচ্ছে আম। এই ঐতিহাসিক রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে আজ বুধবার (২৮ মে) দুপুরে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ টনের প্রথম চালান পাঠানোর মাধ্যমে।

এ উপলক্ষে বিমানবন্দরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বাংলাদেশ থেকে কখনো চীনে আম রপ্তানি হয়নি। বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক এক চুক্তির ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

এই মৌসুমে চীনে মোট ১০০ টন আম রপ্তানির পরিকল্পনা রয়েছে, যার প্রথম দফায় আজ যশোর ও সাতক্ষীরা অঞ্চলের আম পাঠানো হয়েছে। একাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠান মিলে এই প্রথম চালান রপ্তানি করেছে বলে জানা গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, “আজ ঢাকা থেকে ১০ টন আম রপ্তানি হচ্ছে। পর্যায়ক্রমে বাকি চালানও চীনে পাঠানো হবে।”

এর আগে সকালে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ২০২৫ সালের আম রপ্তানি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

চীনে আম রপ্তানির উদ্যোগ আরও গতি পায় গত ২৮ এপ্রিল,যখন চীনের রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জে একটি আম বাগান পরিদর্শন করেন। ওই সফরের পরই রপ্তানি প্রক্রিয়া দ্রুত শুরু হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চীনে বাংলাদেশের আম প্রবেশ নতুন একটি সম্ভাবনার দ্বার খুলে দিলো। কৃষি খাতের জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। কৃষি মন্ত্রণালয় ও রপ্তানিকারকরা আশা করছেন, ভবিষ্যতে রপ্তানির পরিমাণ আরও বাড়বে এবং নতুন বাজারে বাংলাদেশের ফলমূলের অবস্থান আরও শক্তিশালী হবে।

মতামত দিন