সৌদি ও আমিরাত থেকে ৭০ হাজার টন সার কিনছে সরকার, ব্যয় ৪৮৪ কোটি টাকা।
ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:
সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে মোট ৭০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের মোট ব্যয় হবে ৪৮৪ কোটি ১৫ লাখ টাকা।
বৈঠক সূত্র জানায়, শিল্প মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাত থেকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪র্থ লটে ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব দেয়।আমিরাতের প্রতিষ্ঠান ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে এই সার কেনা হবে ১৩৮ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকায়। প্রতি টনের দাম ধরা হয়েছে ৩৭৭ দশমিক ৫০ মার্কিন ডলার।
অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়, সৌদি আরবের মা আদেন কোম্পানি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ৬ষ্ঠ লটে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এ সার কিনতে ব্যয় হবে ৩৪৫ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা। প্রতি টনের দাম পড়বে ৭০৯ মার্কিন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন চাষ মৌসুমে সার সরবরাহ নিশ্চিত করতেই আগেভাগে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন