দক্ষিণ কোরিয়া থেকে এলএনজি আমদানি: এক কার্গোতেই খরচ ৬০৮ কোটি।
ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:
দেশের জ্বালানি চাহিদা মেটাতে এবং গ্যাস সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে দক্ষিণ কোরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পায়।
সরকারি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন আহ্বানের মাধ্যমে স্পট মার্কেট থেকে ২০২৫ সালের ১১ থেকে ১২ জুলাই সময়ের জন্য এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে। ২৯তম এই কার্গোটি আসবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ‘মেসার্স পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন’ থেকে। এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৬০৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ১৫২ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে নির্ভরযোগ্যতা ধরে রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারি পর্যায়ে এই আমদানির ফলে গ্যাস সংকট কিছুটা লাঘব হবে বলে ধারণা করছেন জ্বালানি খাতের সংশ্লিষ্টরা।এ ধরনের স্পট মার্কেটভিত্তিক আমদানির ফলে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিয়ে গ্যাস আমদানি করা সম্ভব হচ্ছে।
মতামত দিন