বন্দরে স্বাভাবিক আমদানি-রফতানি, স্থগিত এনবিআর কর্মবিরতি।
বেনাপোল,আজ সোমবার ২৬ মে ২০২৫:
বারো দিন পর স্বাভাবিক হলো বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম। এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি স্থগিত হওয়ায় সোমবার (২৬ মে) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পুনরায় সচল হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।
বন্দরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, কর্মবিরতির কারণে বেনাপোল কাস্টমস, বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্টে কর্মপ্রবাহে স্থবিরতা নেমে এসেছিল। এতে করে প্রতিদিনের রাজস্ব আয় ও পণ্য খালাসে দেখা দেয় ব্যাপক বিঘ্ন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, কর্মবিরতির কারণে শুল্কায়নসহ নানা কার্যক্রমে ধীরগতি দেখা দেয়। ফলে অনেক কাজ আটকে ছিল। তবে কর্মসূচি প্রত্যাহারের পর সোমবার সকাল থেকেই কাস্টমস কর্মকর্তারা পুরোদমে কাজে যোগ দিয়েছেন।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে আসে, এবং তা থেকে গড়ে ৫০ কোটি টাকার রাজস্ব আদায় হয়। কর্মবিরতির সময় এ সংখ্যা অর্ধেকে নেমে এসেছিল।
বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার জানান, সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস ও আলোচনা প্রক্রিয়া শুরু হওয়ার পর রোববার (২৫ মে) রাতে কর্মসূচি স্থগিত করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর ফলে সোমবার সকাল থেকে কাস্টমসসহ বন্দর কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
গত ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত চলা এই অর্ধদিবস কর্মবিরতির কারণে দেশে বাণিজ্য ও রাজস্ব উভয় ক্ষেত্রেই স্থবিরতা তৈরি হয়েছিল। আন্দোলনকারীদের দাবি ছিল, এনবিআর বিলুপ্ত না করে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা।

মতামত দিন