বাংলাদেশ-চীন যৌথ বিনিয়োগ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে রোববার।
ঢাকা, আজ সোমবার,২৬ মে ২০২৫:
রাজধানী ঢাকায় আগামী রোববার (১ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে চীনের অন্তত ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেবেন বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
সোমবার (২৬ মে) বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এটি হবে চীন ও বাংলাদেশের মধ্যকার প্রথম বৃহৎ পরিসরের যৌথ বিনিয়োগ সম্মেলন, যেখানে Fortune 500 তালিকাভুক্ত ৬-৭টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে ১ জুন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলন’। এতে চীনের চারটি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিসহ প্রায় ১০০টি কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করবেন। চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।”
বিডার চেয়ারম্যান আরও জানান, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি দেশ থেকে এতসংখ্যক বিনিয়োগকারী ও ব্যবসায়ী একইসঙ্গে বাংলাদেশ সফরে আসছেন। এটি দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক বড় সুযোগ।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করে বিডা। এবারের চীন-বাংলাদেশ সম্মেলন তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে।

মতামত দিন