কোরবানির চামড়ার নতুন দাম ঘোষণা, রপ্তানির অনুমতি বহাল।
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দর নির্ধারণ করেছে সরকার। এ বছর গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা এবং খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
তিনি বলেন, এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা দরে কেনাবেচা হবে।
সরকারি ঘোষণায় আরও জানানো হয়, ঢাকায় গরুর কাঁচা চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা।
চামড়া রপ্তানির বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, “দেশে অতিরিক্ত চামড়া থাকলে তা রপ্তানির সুযোগ থাকবে। সরকার এই খাতে গত বছরের মতো এবারও কোনো নিষেধাজ্ঞা রাখেনি।”
চামড়া সংরক্ষণের ব্যবস্থার অংশ হিসেবে এবার মাদ্রাসা ও এতিমখানায় ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছর ঢাকার বাইরে গরুর চামড়ার সর্বোচ্চ দর ছিল ৫৫ টাকা। খাসি ও বকরির চামড়ার দাম যথাক্রমে ২০ থেকে ২৫ টাকা এবং ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মতামত দিন