ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

চীনে প্রথমবারের মতো যাচ্ছে বাংলাদেশের আম, ২৮ মে শুরু রপ্তানি।

বাংলাদেশের কৃষি রপ্তানিতে নতুন দিগন্তের সূচনা হচ্ছে চীনে আম রপ্তানির মাধ্যমে। আগামী ২৮ মে চীনের বাজারে যাবে বাংলাদেশের আমের প্রথম চালান—যা হবে প্রায় ৫০ টন।

বুধবার (২১ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

সচিব জানান,“চীনে আম রপ্তানি আমাদের কৃষি খাতের জন্য এক ঐতিহাসিক অর্জন।এর মাধ্যমে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। আগামীতে কাঁঠালসহ অন্যান্য ফলও রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি বলেন, সরকার একাধিক প্রকল্প ও প্রণোদনার মাধ্যমে আম চাষে কৃষকদের সহায়তা করছে। লক্ষ্য,২০৫০ সালের মধ্যে দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। এ লক্ষ্যে কৃষি উৎপাদনকে টেকসই ও আধুনিক করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে—যার চূড়ান্ত রূপরেখা তৈরি হবে চলমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই।

কৃষি সচিব আরও জানান, কৃষিকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর করতে ‘খামারি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। এতে মৌসুমভিত্তিক চাষাবাদ, রোগবালাই, আবহাওয়া ও সারের তথ্যসহ কৃষকের প্রয়োজনীয় সব ধরনের তথ্য ও সেবা মিলবে। দেশের প্রতিটি মৌজা ও কৃষি জমির জন্য আলাদা ডাটাবেজও তৈরি করা হচ্ছে।

শিক্ষিত তরুণ ও নারীদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান।

মতামত দিন