চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার।
আসন্ন কোরবানিকে কেন্দ্র করে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দরকার হলে কাঁচা চামড়া রফতানির উদ্যোগও নেওয়া হবে।
বুধবার (২১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানির সময় চামড়া ব্যবস্থাপনার সুষ্ঠু প্রস্তুতি নিশ্চিত করতে আয়োজিত বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
তিনি বলেন, এ বছর মাদরাসা, এতিমখানা ও প্রান্তিক পর্যায়ে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে, যাতে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা যায়। পাশাপাশি, চামড়া সংরক্ষণের পদ্ধতি ভিডিওচিত্র আকারে প্রচার করা হবে বিভিন্ন মাধ্যমে।
পশুর হাটে হাসিলের হার ৫ শতাংশ থেকে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা এ বছর থেকেই কার্যকর হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, স্থল ও নৌপথ ছাড়াও এবার রেলপথে পশু পরিবহন করা হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তে সহজে পশু পৌঁছানো যায়। পশুর চিকিৎসা নিশ্চিতে হাটগুলোতে থাকবে ভেটেরিনারি ক্লিনিক।
প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ বলেন, কোরবানির পশুবাহী গাড়ি থেকে চাঁদাবাজি বন্ধে কঠোর নজরদারি চালাবে আইনশৃঙ্খলা বাহিনী। এজন্য চালু করা হবে একটি হটলাইন নম্বর, যেখানে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, কোরবানির সময় চামড়ার মূল্য নিয়ে প্রতিবছরই জটিলতা দেখা দেয়। সরকার এবার আগেভাগেই সক্রিয় হয়ে মাঠপর্যায়ে সমন্বিত প্রস্তুতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে।
মতামত দিন