শাহজালাল বিমানবন্দরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার আগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রোববার (১৮ মে) ভোরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো.নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই মামলার ভিত্তিতেই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
পরে তাকে বিমানবন্দর থেকে ভাটারা থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয়ে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ডিএমপি সূত্রে আরও জানা যায়,মামলার তদন্তে ফারিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় আদালতের নির্দেশে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। তবে এই মামলার বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে, নুসরাত ফারিয়ার সর্বশেষ অভিনীত সিনেমা ‘জ্বিন ৩’ সম্প্রতি ঈদে মুক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন অভিনেতা আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।
গ্রেপ্তারের ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন