হলিউড তারকাদের গাজা সহিংসতার প্রতিবাদ।
গাজায় চলমান সহিংসতা ও ‘গণহত্যা’র বিরুদ্ধে নীরব থাকার অভিযোগে চলচ্চিত্র শিল্পের প্রতিবাদে যুক্ত হলিউডের বড় নামেরা। জোয়াকিন ফিনিক্স, পেদ্রো পাসকাল, রিজ আহমেদ, গুইয়ারমো দেল তোরোসহ ৩৭০ জনের বেশি অভিনেতা, পরিচালক ও চলচ্চিত্রকর্মী একটি উন্মুক্ত প্রতিবাদপত্রে স্বাক্ষর করেছেন।
তারা ফাতিমা হাসুনা নামে এক ফটোসাংবাদিকের হত্যার তীব্র নিন্দা জানিয়ে এই চিঠি প্রকাশ করেছেন, যিনি ‘Put Your Soul in Your Hand and Walk’ নামক তথ্যচিত্রে কাজ করেছিলেন, যা সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
কান উৎসবের বিচারকমণ্ডলীর সভাপতি ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ বলেন, ফাতিমা এই উৎসবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু ইসরায়েলের বিমান হামলায় পরিবারের ১০ সদস্যসহ প্রাণ হারিয়েছেন।
এছাড়া চিঠিতে স্বাক্ষর করেছেন রুনি মেরা, মার্কিন পরিচালক জিম জারমাশ, ‘লুপিন’ সিরিজের ওমর সি-সহ রেইফ ফাইনস, রিচার্ড গিয়ার, মার্ক রাফালো, সুসান সার্যান্ডন, হাভিয়ের বারডেম, ডেভিড ক্রোনেনবার্গ, পেদ্রো আলমোডোভার, আলফোনসো কুয়ারন ও মাইক লি।
তারা বলছেন, ‘আমাদের শিল্পবিশ্ব লজ্জিত যে গাজায় ইসরায়েলি অবরোধ নিয়ে আমরা সঠিক সময়ে মুখ খুলতে পারিনি।’ এই প্রতিবাদপত্র এমন সময় এসেছে যখন গাজায় প্রতিদিনই বহু মানুষ নিহত হচ্ছেন; শুধু গত বৃহস্পতিবার ১২০ জন এবং পরের দিন আরো ৫০ জন প্রাণ হারিয়েছে।

মতামত দিন