বিনোদন
ছবি: সংগৃহীত

কানের উদ্বোধনেই ঝড় তুললেন রবার্ট ডি নিরো, ট্রাম্পকে বললেন ‘বিশ্বের জন্য হুমকি’।

কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই যেন নীরবতা ভেঙে ঝড় তুলে দিলেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা  রবার্ট ডি নিরো। ৭৮তম আসরের উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বিশ্বের জন্য হুমকি’ এবং ‘শিল্পের শত্রু’ বলে আখ্যায়িত করেন তিনি।

সোমবার (১৩ মে) দক্ষিণ ফ্রান্সের কানে উৎসবের উদ্বোধনী আয়োজনে ডি নিরোর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন তার সহশিল্পী লিওনার্দো ডিক্যাপ্রিও। পুরস্কার গ্রহণের পর আবেগঘন বক্তব্যে ৮১ বছর বয়সী এই কিংবদন্তি শিল্পী বলেন, “আমার দেশে এখন গণতন্ত্র রক্ষার জন্য মরিয়া লড়াই চলছে। যেটা একসময় আমরা স্বাভাবিক বলে ধরে নিয়েছিলাম, তা আজ হুমকির মুখে। এই লড়াই শুধু আমেরিকার নয়, সারা দুনিয়ার—কারণ, শিল্পই হচ্ছে গণতন্ত্রের মেরুদণ্ড।”

ডি নিরো আরও বলেন, “শিল্প সত্য অনুসন্ধান করে, বৈচিত্র্যকে আলিঙ্গন করে এবং মানুষকে একত্র করে। এ কারণেই স্বৈরাচারীরা শিল্পকে ভয় পায়, শিল্পীদের ভয় পায়।”

তার এ বক্তব্যে গ্র্যান্ড লুমিয়ের থিয়েটারের ভেতর করতালিতে ফেটে পড়ে দর্শকরা।

এর আগে, ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণাকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন বিতর্ক।আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে ট্রাম্পের এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে মুক্তচিন্তার বিরুদ্ধে একধরনের চাপে পরিণত করার চেষ্টা হিসেবে।

ডি নিরোর কণ্ঠে কেবল একজন অভিনেতার বিক্ষোভ নয়, বরং বিশ্ব সিনেমার পক্ষ থেকে গণতন্ত্র ও শিল্প-স্বাধীনতার পক্ষে এক অকুতোভয় অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে কানের মঞ্চে। উৎসবের শুরুতেই এমন বক্তব্য গোটা আয়োজনের রাজনীতি ও শিল্পের সম্পর্ককে নতুন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

মতামত দিন