হৃদরোগে প্রয়াত ‘কমেডি খিলাদিগালু ৩’-এর বিজয়ী অভিনেতা রাকেশ পূজারী।
জনপ্রিয় কন্নড় ও তুলু ভাষার অভিনেতা এবং ‘কমেডি খিলাদিগালু ৩’ টেলিভিশন রিয়েলিটি শোর বিজয়ী রাকেশ পূজারী আর নেই। গত রোববার (১১ মে) দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কর্ণাটকের উদুপি জেলায় মৃত্যু হয় তার।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, উদুপির কারকালা অঞ্চলে এক বিয়ের মেহেদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাকেশ। অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাকেশ পূজারীর মৃত্যুতে কারকালা টাউন থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে কন্নড় টেলিভিশন ও সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে। ‘কমেডি খিলাদিগালু’র একজন বিচারক সামাজিক মাধ্যমে শোক জানিয়ে লিখেছেন, “সদা হাস্যোজ্জ্বল রাকেশ, আমার প্রিয় রাকেশ... সবচেয়ে মিষ্টি, দয়ালু ও ভালোবাসাপূর্ণ মানুষ। তোমাকে ভীষণ মিস করব।”
এদিকে, চলমান ‘কান্তারা: অধ্যায় ১’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন রাকেশ। মৃত্যুর দিন সকালেই সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। শুটিং শেষে সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে গিয়েই হৃদরোগে আক্রান্ত হন।
রাকেশ পূজারী ২০২০ সালে প্রচারিত জনপ্রিয় কৌতুকভিত্তিক রিয়েলিটি শো ‘কমেডি খিলাদিগালু ৩’-এ বিজয়ী হয়ে আলোচনায় আসেন।এর আগে তিনি ‘কদলে বাজিল’ নামে আরেকটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি লাভ করেন। তার হঠাৎ চলে যাওয়া ভক্ত ও সহকর্মীদের কাছে এক অপূরণীয় ক্ষতি হয়ে রইল।
মতামত দিন