ইকরা আত্মহত্যার আগে প্রকাশ করেছিলেন নিজের হতাশা।
ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেন। ঘটনার সময় জাহের আলভী নেপালে শুটিং করছিলেন।
ইকরার মৃত্যুর একদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি আক্ষেপময় পোস্ট দিয়েছেন, যেখানে লেখেন, “কেউ একজন আরেকজনের পুরো জীবন নষ্ট করে দিয়েছে—ক্যারিয়ার, সম্পর্ক, সম্মান, ভবিষ্যৎ… সবকিছু।”
জাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে জানিয়েছেন, “আজ দুপুরে আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি নেপালে শুটিংরত। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।”
অভিনেতা সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কিছুটা সময় চেয়েছেন এবং দ্রুততম সময়ে ঢাকা ফেরার চেষ্টা করছেন। তিনি সন্তান ও পরিবারের ভবিষ্যৎকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য বিনীত অনুরোধও করেছেন।
ইকরার মরদেহ বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে।
জাহের আলভী ২০১০ সালের ৯ নভেম্বর ইকরাকে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের একটি পুত্রসন্তান ‘রিজিক’ রয়েছে। সামাজিক মাধ্যমে খবরটি প্রকাশ হতেই বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


মতামত দিন