জামিনে বের হয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় জামিনে মুক্ত হওয়ার পর অভিযোগকারী নারীকে মারধরের অভিযোগ উঠেছে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যা এ অভিযোগ তুলে ধরেন।
তিনি জানান, গত মঙ্গলবার জামিন পাওয়ার পর নোবেল তার বিরুদ্ধে মামলা করায় ক্ষোভ প্রকাশ করেন। পরে তাকে বাসায় নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে দাবি করেন রোজ।
রোজ বলেন, গণমাধ্যমে নোবেলকে যেভাবে দেখা যায়, ব্যক্তিগত জীবনে তার আচরণ সম্পূর্ণ ভিন্ন। নিজের শরীরে থাকা আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি দাবি করেন, নোবেল নিজেকে পরিস্থিতির শিকার হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে তিনি নির্যাতনের শিকার হয়েছেন।
এর আগে বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রাখা, হেনস্তা করা, আপত্তিকর ছবি তৈরির চেষ্টা এবং প্রায় ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় ২৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

মতামত দিন