নতুন সরকারের শপথের রাতে সংসদের সামনে গান গাইবেন জেমস।
কিছুদিন ধরেই দেশে বড় আকারের সংগীতানুষ্ঠান প্রায় বন্ধ ছিল। নিরাপত্তা পরিস্থিতির কারণে পরিকল্পিত অনেক কনসার্ট শেষ পর্যন্ত আয়োজন করা সম্ভব হয়নি, ফলে দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার ঘটনাও ঘটেছে।
এ অবস্থার মধ্যেই রাজধানীতে আবারও উন্মুক্ত স্থানে সংগীতানুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সরকারের শপথের দিন জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে বিশেষ কনসার্টের আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।
আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানের মূল আকর্ষণ জনপ্রিয় রকশিল্পী নগর বাউল জেমস। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তার মঞ্চে ওঠার কথা রয়েছে বলে জানিয়েছেন তার ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন। দীর্ঘদিন পর খোলা পরিবেশে কনসার্ট হওয়ায় সংগীতপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বানও জানানো হয়েছে।
একই মঞ্চে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও শিরোনামহীন। সংশ্লিষ্টদের আশা, নতুন সময়ে দেশের ব্যান্ড সংগীতের আয়োজন আরও বিস্তৃত হবে এবং আন্তর্জাতিক পর্যায়েও এ ধারার কার্যক্রম বাড়বে।
মতামত দিন