ট্রাকচালক আব্বাস রূপে মোশাররফ করিম, আসছে ‘বোহেমিয়ান ঘোড়া।
পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর নতুন সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র শুটিং শেষ হয়েছে কয়েক মাস আগে। অভিনয়শিল্পীদেরকে নিষেধ করা হয়েছিল এ নিয়ে কিছু না বলতে, ফলে এতদিন বিষয়টি গোপনই ছিল।
কমেডি ঘরানার এই হইচই অরিজিনাল সিরিজে মূল চরিত্রে আছেন মোশাররফ করিম। তাঁর সঙ্গে রয়েছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।
মোশাররফ করিম এর আগে ‘মহানগর’-এর ওসি হারুন ও ‘মোবারকনামা’র মোবারক চরিত্রে সিরিয়াস অভিনয়ে হইচই দর্শকদের কাছে প্রশংসিত হয়েছেন। তবে ‘বোহেমিয়ান ঘোড়া’য় তিনি থাকছেন একদম ভিন্ন রূপে—একজন ট্রাকচালক আব্বাসের চরিত্রে, যা হতে যাচ্ছে দর্শকদের জন্য এক নতুন চমক।
নিজের চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, “অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এতে যুক্ত হয়েছি। হইচইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, তাই প্রত্যাশাও অনেক। বিশ্বাস করি, দর্শক এখানে একদম নতুন কিছু পাবে।”
এই সিরিজে গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর চরিত্রে দেখা যাবে রুনা খানকে, যিনি হইচইয়ের পর্দায় এর আগেও বেশ কিছু চরিত্রে অভিনয় করেছেন। বাস্তবে যেমনি তানজিকা আমিন, সিরিজে তিনি তার বিপরীত এক চরিত্রে। মৌসুমী হামিদ হয়েছেন নারী মৌয়াল, সাদিয়া আয়মান চঞ্চল এক তরুণী, আর জুঁই করিম থাকছেন সম্পূর্ণ নতুন এক আঙ্গিকে। সংযম, অনুভূতি ও নিঃশব্দ অভিজ্ঞানভিত্তিক চরিত্রে আছেন ফারহানা হামিদ। পাশাপাশি অদিতি ও বৃষ্টি—দুই নতুন মুখ হাজির হচ্ছেন এই সিরিজে।
পরিচালক অমিতাভ রেজা বলেন, “‘বোহেমিয়ান ঘোড়া’য় দেখানো হয়েছে কীভাবে আব্বাস ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান। রয়েছে কৌতুকপূর্ণ জটিলতা, আর নানা রকম রোড অ্যাডভেঞ্চার। অভিনয়শিল্পীরা সবাই আমার প্রাণের মানুষ, এটা আমাদের জন্য অসাধারণ এক যাত্রা ছিল। এখন শুধু অপেক্ষা দর্শকদের কাছে পৌঁছানোর।”
সিরিজটির মুক্তির তারিখ এখনো জানানো হয়নি, তবে খুব শিগগিরই এটি স্ট্রিমিং হতে যাচ্ছে হইচই প্ল্যাটফর্মে।

মতামত দিন