ফোনে হত্যার হুমকির অভিযোগ, অডিও প্রকাশ করলেন পরীমণি।
ঢালিউড অভিনেত্রী পরীমণি দাবি করেছেন, তাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার প্রমাণ হিসেবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ প্রকাশ করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রায় ৩৭ সেকেন্ডের ওই অডিওটি শেয়ার করেন তিনি। সেখানে এক অজ্ঞাত ব্যক্তিকে অশ্রাব্য ভাষায় কথা বলতে এবং গুলি করে হত্যার হুমকি দিতে শোনা যায় বলে জানান অভিনেত্রী।
অডিওতে পরীমণি ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তবে ওই ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করেননি। পরীমণির ভাষ্য অনুযায়ী, কলকারী সম্ভবত দেশের বাইরে অবস্থান করছেন।
অডিওটি পোস্ট করার সময় ক্যাপশনে তিনি লেখেন, “ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা?” একই পোস্টে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন করেন তিনি। যদিও হুমকির নির্দিষ্ট কারণ বা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেননি।
উল্লেখ্য, একই দিন বিকেলে রাঙামাটির দুর্গম এলাকায় নির্বাচনী সরঞ্জাম ও কর্মী পাঠানোর বিষয়ে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন পরীমণি। সেই পোস্টের প্রায় এক ঘণ্টা পরই হত্যার হুমকির অডিওটি প্রকাশ করেন তিনি।
মতামত দিন