দ্বিতীয় সন্তান জন্ম দিতে খুব শিগগির যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন বুবলী।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলীকে ঘিরে আবারও চর্চা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী। পরিবার ও ঘনিষ্ঠদের পরামর্শে তিনি মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়।
গত বছরের শেষদিকে ছেলে বীরকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান বুবলী ও শাকিব খান। সেই সময় থেকেই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় এবং পুনর্মিলনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
সম্প্রতি অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি প্রথমে গুঞ্জন হিসেবে শোনা গেলেও পরে বিভিন্ন সূত্র তা নিশ্চিত করেছে। শারীরিক ঝুঁকির কথা বিবেচনায় রেখে এখন শুটিং থেকে বিরত রয়েছেন বুবলী। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রথম লটে চারদিন কাজ করলেও দ্বিতীয় ধাপের শুটিংয়ে আর অংশ নিচ্ছেন না তিনি।
তবে শুক্রবার রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেট উদ্বোধনে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। সেখানে তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন বলে শোবিজ মহলে আলোচনা চলছে।
আরও একটি সূত্রের মতে, সন্তানের জন্মের প্রস্তুতির অংশ হিসেবে খুব শিগগির যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন বুবলী। উল্লেখ্য, তাঁদের প্রথম সন্তানের জন্মও সেখানে হয়েছিল।
এদিকে নায়িকার দীর্ঘ বিরতির সম্ভাবনায় ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার নির্মাতা‑প্রযোজকরা বিকল্প পরিকল্পনা করছেন। প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানিয়েছেন, বুবলী ছাড়া বাকি দৃশ্যের কাজ শেষ করার কথা ভাবা হচ্ছে।
২০২০ সালের মার্চে যুক্তরাষ্ট্রে ছেলে সন্তানের জন্ম দেন বুবলী, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রকাশ করেন। বর্তমানে তাঁর অভিনীত ‘পিনিক’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে; সবশেষ তাঁকে দেখা গেছে ‘জংলি’ চলচ্চিত্রে।
মতামত দিন