বিনোদন
ছবি: সংগৃহীত

‘ওরা যেন আমাকেই পছন্দ করে’-রণবীর কাপুরের মন্তব্য ভাইরাল।

বলিউডের পর্দায় যেমন তেমনি বাস্তবেও বহু দর্শকের পছন্দের জুটি ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। যদিও প্রেম স্থায়ী হয়নি, বিচ্ছেদ হয়েছে বহু আগেই—তবু তাঁদের সম্পর্ক ঘিরে কৌতূহলের শেষ নেই।

২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রেমে ছিলেন তাঁরা। বিচ্ছেদের পর দীপিকার জীবনে নেমে আসে গভীর বিষণ্নতা। একাধিকবার হতাশার কথা যেমন জানিয়েছেন তিনি, তেমনি আত্মহননের চিন্তাও করতেন বলে খোলাখুলি স্বীকার করেছেন। প্রায় দুই বছর কাজেই মন বসাতে পারেননি এই অভিনেত্রী।

তবে সেই অন্ধকার সময় পেরিয়ে দীপিকা আবার ফিরে দাঁড়িয়েছেন। হতাশা ও মানসিক সংকটের সঙ্গে লড়াই করে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বলিউডে। জীবনে পেয়েছেন স্থিতি, ভালোবাসা, এবং নিজের জায়গা করে নিয়েছেন ভারতের প্রথম সারির তারকাদের তালিকায়। ২০১৮ সালের ১৪ নভেম্বর অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা।

এদিকে রণবীর কাপুরও জীবনকে দেখেছেন নতুন দৃষ্টিতে। তিনি এখন শুধুই জনপ্রিয় অভিনেতা নন, একজন দায়িত্ববান বাবা। ধূমপান ছেড়েছেন, পরিবারকেন্দ্রিক হয়েছেন এবং মেয়ের সঙ্গে সময় কাটানো তাঁর জীবনের সবচেয়ে আনন্দের অংশ হয়ে উঠেছে। কন্যা রাহার সঙ্গে খেলা, ঘোরা কিংবা সাধারণ সময় কাটানো—সবকিছুতেই তিনি খুঁজে পান আনন্দ।

দীপিকার নতুন জীবনে শুভকামনা জানিয়েছিলেন রণবীর কাপুর। একবার ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে রণবীর কাপুর ও রণবীর সিং একসঙ্গে হাজির হয়েছিলেন। সেই সময় পরিচালক করণ জোহর দীপিকার সঙ্গে রণবীর কাপুরের বর্তমান সম্পর্ক নিয়ে জানতে চাইলে তিনি জানান, “আমরা নিজেদের জীবনে ইতিবাচকভাবে এগিয়ে গেছি। এখন আর কোনো অস্বস্তি নেই, আমরা ভালো বন্ধু।”

করণ জোহরের অনুরোধে দীপিকা ও রণবীর সিংয়ের সম্পর্ক নিয়ে মন্তব্য করতেও পিছপা হননি রণবীর কাপুর। মজার ছলে বলেন, “আমি চাই, ওদের ঘরভর্তি হোক সুন্দর সুন্দর বাবু দিয়ে। আর ওরা যেন আমাকে পছন্দ করে, রণবীর সিংকে নয়! আমি যেন ওদের প্রিয় অভিনেতা হই।”

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দীপিকা ও রণবীর সিংয়ের ঘরে জন্ম নেয় তাঁদের কন্যা, দুয়া পাড়ুকোন সিং। যদিও নবজাতকের ছবি এখনো প্রকাশ্যে আসেনি, তবে এই সন্তানকে নিয়ে করা রণবীর কাপুরের পুরোনো মন্তব্য এখন নতুন করে ভাইরাল হচ্ছে।

এমন এক জটিল এবং আবেগপ্রবণ সম্পর্কের জায়গা থেকে রণবীর কাপুর যেভাবে পরিণত, সৌহার্দ্যপূর্ণ মন্তব্য করেছেন, তাতে মুগ্ধ অনেকে। নেটিজেনরা তাঁকে বলছেন “পরিণত মানুষ”।

প্রেম না থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য যে সম্পর্ককে সম্মানিত করতে পারে, দীপিকা ও রণবীর কাপুর যেন তারই এক উজ্জ্বল উদাহরণ।

মতামত দিন