বিনোদন
ছবি: সংগৃহীত

প্রকাশ্যেই হেনস্তার শিকার মৌনী রায়।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের হরিয়ানার এক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় বলিউড অভিনেত্রী মৌনী রায় প্রকাশ্যেই শারীরিক হেনস্তার শিকার হয়েছেন। অনুষ্ঠানস্থলের দর্শকসারিতে থাকা কয়েকজন বয়স্ক দর্শকের অশালীন আচরণের কারণে আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যে ভয় ও অস্বস্তিতে পরিণত হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বর্ণনা দিয়ে মৌনী রায় জানান, মঞ্চে ওঠার আগেই দুজন বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। যদিও তিনি সরাসরি প্রতিবাদ জানিয়ে হাত সরাতে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না। পারফরম্যান্স চলাকালীন ওই ব্যক্তিরা অভিনেত্রীকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন।

এছাড়া, তারা মঞ্চে গোলাপ ফুল ছুড়তে শুরু করলে মৌনী রায় আয়োজকদের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনাকেও দায়ী করেন। তিনি জানান, বিষয়টি এতটাই অস্বস্তিকর ছিল যে তিনি অনুষ্ঠান ফেলে চলে যেতে চেয়েছিলেন, তবে পেশাদারিত্বের কারণে শেষ পর্যন্ত পারফর্ম করেছেন।

ঘটনার পর অভিনেত্রী মন্তব্য করেন, “আমার মতো একজনকে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সাধারণ বা নতুন অভিনেত্রীর নিরাপত্তার বিষয়টি কোথায়?” তিনি আরও বলেন, শিল্পীদের তাদের কাজের মাধ্যমে মূল্যায়ন করা উচিত এবং এ ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

মৌনী রায় ছোট পর্দা থেকে বলিউডে অভিষিক্ত হয়ে নিজের অবস্থান দৃঢ় করেছেন। তার এই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এবং নারী নিরাপত্তা ও পারফরম্যান্সের পরিবেশ নিয়েও নতুন আলোচনার সূচনা করেছে।


মতামত দিন