প্রেমের দীর্ঘ পথ পেরিয়ে দেবমাল্যের হাত ধরলেন মধুমিতা।
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর অবশেষে ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। সরস্বতী পূজার পবিত্র লগ্নে শুক্রবার নিবিড় পারিবারিক আয়োজনে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়েতে আবদ্ধ হন তিনি।
বিয়ের অনুষ্ঠানে সম্পূর্ণ বাঙালি ঐতিহ্যে নিজেকে মেলে ধরেন মধুমিতা। লাল বেনারসি শাড়ি, ভারী সোনার অলংকার আর কপালে চন্দনের নকশা—সব মিলিয়ে ধরা দেন চিরচেনা কনের রূপে। নিজের বিয়ে নিয়ে আবেগ সামলাতে না পেরে অভিনেত্রী বলেন, পর্দায় যতবারই বিয়ের দৃশ্যে অভিনয় করুন না কেন, বাস্তবের অনুভূতি তার চেয়ে বহু গুণ আলাদা এবং বিশেষ।
অন্যদিকে, মধুমিতার জীবনের নতুন সঙ্গী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অভিনয় জগতের বাইরে হলেও দুজনের মধ্যে মিল রয়েছে ভ্রমণের নেশায়। পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কে থাকার পর সেই সম্পর্কই এবার পরিণয়ের রূপ নিল।
এর আগে চলতি মাসের ১৮ জানুয়ারি বাগদানের খবর প্রকাশ্যে এনেছিলেন মধুমিতা। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে হবু বরকে পরিচয় করিয়ে দিয়ে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন—‘শুধুই আমার’। সেই পোস্ট ঘিরেও অনুরাগীদের কৌতূহল ও আলোচনা কম হয়নি।
বিয়ের অনুষ্ঠানে পরিচালক শিলাদিত্য মৌলিকসহ ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। নবদম্পতির ছবি ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা আর ভালোবাসায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।
উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিবাহ। কেরিয়ারের শুরুর দিকে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে সংসার বাঁধলেও সেই সম্পর্ক স্থায়ী হয়নি। বিচ্ছেদ ও দীর্ঘ বিরতির পর এবার দেবমাল্যের হাত ধরেই নতুন করে জীবন শুরু করলেন ‘পাখি’ খ্যাত এই অভিনেত্রী।
নতুন যাত্রায় মধুমিতা ও দেবমাল্যকে শুভকামনায় ভাসাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা।
মতামত দিন