বিনোদন
ছবি: সংগৃহীত

সাত দিনের রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিকুর রহমান।

অভিনেতা সিদ্দিকুর রহমানকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

রাজধানীর গুলশান থানায় দায়ের করা জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছিল।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় রিকশাচালক জব্বার আলী হাওলাদারকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে সিদ্দিকুর রহমানের সংশ্লিষ্টতা উঠে আসায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ।

এর আগে গত ২৯ এপ্রিল সিদ্দিকুরকে মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছেঁড়া জামাকাপড়ে সিদ্দিকুরকে একদল যুবক টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে এবং মারধর করছে। তিনি কান্নাকাটি করছিলেন, আর উপস্থিত লোকজন তাঁকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে স্লোগান দিচ্ছিল। পরে তাঁকে রাস্তায় হাঁটিয়ে রমনা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং সেখান থেকে গুলশান থানায় স্থানান্তর করা হয়।

এই ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

মতামত দিন