সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়: শবনম বুবলী।
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে আলোচনা নতুন কিছু নয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত সিদ্ধান্ত—সবকিছুই নিয়মিত চর্চায় থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি এক অনুষ্ঠানে বুবলী জানান, অপ্রয়োজনীয় বিতর্ক বা গুজবের জবাব না দেওয়ার সিদ্ধান্তটি তিনি সচেতনভাবেই নিয়েছেন। এ ক্ষেত্রে তার ভাবনার বড় প্রভাব রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের। বুবলীর ভাষায়, শাকিব সব সময়ই তাকে মনে করিয়ে দেন—সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়, কাজই শেষ পর্যন্ত মানুষের কাছে সত্যটা তুলে ধরে।
বুবলীর মতে, অনেক প্রশ্ন বা মন্তব্যের পেছনে কৌতূহলের চেয়ে বিদ্বেষ বেশি কাজ করে। সেসবের প্রতিক্রিয়ায় সময় ও মনোযোগ নষ্ট হলে মূল কাজটাই ক্ষতিগ্রস্ত হয়। তাই অযথা ব্যাখ্যায় না গিয়ে নিজের অবস্থানে স্থির থাকাকেই তিনি সবচেয়ে কার্যকর পথ মনে করেন।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে গুজব ছড়ানোর প্রবণতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার অভিযোগ, ইতিবাচক খবর উপেক্ষা করে ইচ্ছাকৃতভাবে নেতিবাচক বা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, কারণ সেখান থেকেই বেশি ভিউ আসে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করার প্রবণতাও উদ্বেগজনক বলে মনে করেন তিনি।
এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠলে বুবলী জানিয়েছিলেন, সব বিষয়ে কথা বলার জন্য সময় ও প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। এখনো সেই অবস্থানেই আছেন তিনি। শাকিব খানের পরামর্শে বেছে নেওয়া এই নীরব কৌশল ভক্তদের কৌতূহল কমানোর বদলে বরং আলোচনাই বাড়িয়ে দিয়েছে।
মতামত দিন