বিনোদন
ছবি: সংগৃহীত

সোনালী যুগের পরিচিত নায়ক ইলিয়াস জাভেদ আর নেই।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার উত্তরার হাসপাতালে বুধবার (২১ জানুয়ারি) মারা গেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ইলিয়াস জাভেদ। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী, চিত্রনায়িকা ডলি চৌধুরী।

ডলি চৌধুরী জানান, সকালে হঠাৎ তার স্বামীর শারীরিক অবস্থার অবনতি হয়। বাসায় চিকিৎসাসেবা চলছিল, তবে অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়াস জাভেদ, যার প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস, ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে পরিবারসহ পাঞ্জাবে বসবাস শুরু করেন। ১৯৮৪ সালে তিনি ডলি চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকের মনে জায়গা করে নেন। এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন শাবানা। এরপর একের পর এক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে বাংলা চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

নৃত্য পরিচালনা ও অভিনয়ের ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। নৃত্য পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখলেও পরে শতাধিক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে ‘নিশান’ সিনেমা বিশেষভাবে উল্লেখযোগ্য।

ইলিয়াস জাভেদের প্রয়াণে তার ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের এই অভিনেতার মৃত্যু এক যুগান্তকারী ক্ষতি হিসেবে ধরা হচ্ছে।

মতামত দিন