বিনোদন
ছবি: সংগৃহীত

পদবী বদলে ফেললেন রোজা আহমেদ।

নিজেস্ব প্রতিবেদক:

বিয়ের এক বছরের মাথায় ভেঙে গেল জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খানের সংসার। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তার সম্পর্ক যে আর আগের জায়গায় নেই, তা সম্প্রতি স্পষ্ট করে দিয়েছেন তাহসান নিজেই।

দুজন এখন আলাদা থাকছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে হতাশা তৈরি হলেও অনেকেই ধারণা করছিলেন—হয়তো সম্পর্ক পুরোপুরি শেষ হয়নি। কারণ, বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসার পরও রোজার ইনস্টাগ্রামে তাহসানের সঙ্গে তোলা ছবি দেখা যাচ্ছিল। এমনকি নিজের নামের সঙ্গে ‘খান’ পদবিও তখনও ব্যবহার করছিলেন তিনি।

তবে সেই সম্ভাবনার ইতি ঘটেছে এবার। রোজা আহমেদ তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তাহসানের সব ছবি সরিয়ে ফেলেছেন। একই সঙ্গে নিজের নাম থেকেও ‘খান’ পদবী বাদ দিয়েছেন। আগে যেখানে তার অ্যাকাউন্টের নাম ছিল ‘রোজা আহমেদ খান’, এখন সেখানে তাহসানের কোনো উপস্থিতিই নেই।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান। সেই সংসার টিকে ছিল প্রায় ১১ বছর। ২০১৭ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদের আগে তারা প্রায় দুই বছর আলাদা ছিলেন। সেই ঘরে তাহসানের একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান রয়েছে।

মতামত দিন