গুঞ্জনের ইতি টেনে দাম্পত্যে রাফসান–জেফার, একাধিক বিয়ের ছবি শেয়ার।
দীর্ঘ সময় আলোচনার কেন্দ্রে থাকার পর অবশেষে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশের মধ্য দিয়ে নিজেরাই বিষয়টি নিশ্চিত করেন তারা।
দুপুরের পর রাফসান সাবাব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে সংক্ষিপ্ত বার্তায় নতুন জীবনের শুরুতে পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের দোয়া কামনা করেন তিনি। একই পোস্টে স্ত্রী জেফার রহমানকে ট্যাগ করে দাম্পত্য জীবনের সূচনার কথা জানান।
ছবিগুলোতে নবদম্পতিকে দেখা যায় উৎসবমুখর ও ঘনিষ্ঠ পরিবেশে। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত জেফার রহমানের লাল শাড়ি ও ভারী অলংকার ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে রাফসান সাবাব পরেছেন হালকা রঙের শেরওয়ানি ও পাগড়ি। কয়েকটি ছবিতে দুজনের স্বাভাবিক হাসি ও পারস্পরিক ঘনিষ্ঠতা ধরা পড়ে।
উল্লেখ্য, গত এক বছর ধরে শোবিজ অঙ্গনে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। দেশ-বিদেশে একসঙ্গে দেখা গেলেও তারা কখনোই প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি। নিজেদের ‘বন্ধু’ পরিচয়ের আড়ালেই ছিলেন দীর্ঘদিন। তবে সব আলোচনা আর জল্পনার ইতি টেনে এবার আনুষ্ঠানিকভাবেই একসঙ্গে পথচলার ঘোষণা দিলেন এই দুই তারকা।
মতামত দিন