বিনোদন
ছবি: সংগৃহীত

দাদির চরিত্রে শ্রাবন্তী, আসছে রহস্যঘেরা নতুন ওয়েব সিরিজ।

নিজেস্ব প্রতিবেদক:

ওটিটি পর্দায় এবার সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জিকে। এতদিন নানা বয়সের চরিত্রে অভিনয় করলেও এই প্রথম তিনি পর্দায় হাজির হচ্ছেন পরিবারের প্রবীণ সদস্য—ঠাকুর মা হিসেবে।

আসন্ন একটি ওয়েব সিরিজে দাদির ভূমিকায় অভিনয় করছেন ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।

হৈচৈ প্ল্যাটফর্মের নতুন এই সিরিজটির শুটিং শুরু হচ্ছে চলতি মাসেই। পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন চক্রবর্তী। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলার এক জেলার অভিজাত পরিবারের অন্দরমহল।

সেই পরিবারে একটি বিয়েকে ঘিরে ধীরে ধীরে তৈরি হয় নানা প্রশ্ন ও রহস্য। ঘটনার জট খুলতে এগিয়ে আসেন পরিবারের প্রবীণ মহিলা—যার চরিত্রে থাকছেন শ্রাবন্তী। তাঁর অনুসন্ধিৎসু মন আর অভিজ্ঞতাই গল্পের মোড় ঘুরিয়ে দেবে।

প্রাথমিক ঘোষণায় আরও ইঙ্গিত দেওয়া হয়েছে, ঠাকুমা ও নাতনির সম্পর্ক এই সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে। যদিও নাতনির চরিত্রে কে অভিনয় করছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

তবে টলিপাড়ার অন্দরের খবর বলছে, সেই চরিত্রে দেখা যেতে পারে দিব্যাণী মণ্ডলকে। ছোট পর্দার পরিচিত এই অভিনেত্রী সম্প্রতি ‘ফুলকি’ ধারাবাহিক শেষ করেছেন। এরপর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রেখেছেন তিনি। সেই ছবির শুটিংও ইতিমধ্যে শেষ হয়েছে।

শ্রাবন্তী ও দিব্যাণীর চেহারার সাদৃশ্য নিয়েও ইন্ডাস্ট্রিতে আলোচনা চলছে। অনেকের ধারণা, এই মিল দাদি–নাতনির সম্পর্ককে পর্দায় আরও স্বাভাবিক করে তুলবে।

নতুন চরিত্র প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, “নতুন বছরে একদম অন্য ধরনের গল্পে যুক্ত হলাম। এবার ঠাকুমা হয়ে নাতনির সঙ্গে রহস্যের সমাধান—অভিজ্ঞতাটা একেবারেই আলাদা।”

মতামত দিন