অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির মামলায় মেহজাবীন ও তার ভাই পেলেন অব্যাহতি
দীর্ঘদিন আলোচিত অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলা থেকে শেষ পর্যন্ত মুক্তি পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরী। অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় আদালত মামলাটি আর এগোনোর প্রয়োজন দেখেননি।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নির্ধারিত শুনানি শেষে বিচারক মো. আদনান জুলফিকার মামলাটি থেকে তাদের অব্যাহতি দেন।
আদালত সূত্র জানায়, আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় এই মামলা করেছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার মেহজাবীন ও আলিশান তাদের লিখিত ব্যাখ্যা দাখিল করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক অভিযোগ টেকসই নয় বলে মত দেন।
আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জানান, বাদীর অভিযোগ সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। মামলার বর্ণনায় যেসব ঘটনা তুলে ধরা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বাদীর সঙ্গে তার মক্কেলদের সাক্ষাৎ কিংবা হুমকির বিষয়টি প্রমাণিত হয়নি।
এর আগে গত ১০ নভেম্বর একই মামলায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ১৬ নভেম্বর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
মামলার বিবরণে বলা হয়েছিল, গত বছরের ফেব্রুয়ারিতে পাওনা টাকা চাইতে গিয়ে বাদী হুমকির মুখে পড়েন এবং মার্চ মাসে হাতিরঝিল এলাকায় তাকে ভয়ভীতি দেখানো হয়। এসব অভিযোগের ভিত্তিতেই পরে আদালতে মামলা করা হয়।
তবে শুনানিতে অভিযোগের পক্ষে পর্যাপ্ত উপাদান না পাওয়ায় শেষ পর্যন্ত মামলা নথিভুক্ত করে বন্ধ করার আদেশ দেন আদালত।

মতামত দিন