বিনোদন
ছবি: সংগৃহীত

মেট গালায় শাহরুখের ঝলমলে উপস্থিতি, বিদায়ের আভাস কিং খানের।

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত ২০২৫ সালের মেট গালা ছিল বলিউড তারকাদের জন্য এক বিশেষ সন্ধিক্ষণ। এই প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ ফ্যাশন আয়োজনে অংশ নেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান।

নিজেকে সাংবাদিকদের সামনে পরিচয় দেন—“আমি শাহরুখ”—চেনা হাসি আর দৃপ্ত আত্মবিশ্বাসে মুগ্ধ করেন উপস্থিত সবাইকে।

এবারের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’। সেই থিম অনুসরণ করে শাহরুখ পরেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো পোশাক। তাঁর পরনে ছিল সিল্কের শার্ট,  প্যান্ট এবং তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি লম্বা কোট। গলায় ছিল হীরা, পান্না ও সোনার গয়নার সমন্বয়, যেখানে হীরাখচিত ‘K’ অক্ষরের একটি লকেট ছিল বিশেষ নজরকাড়া। হাতে ঘড়ি, আংটি, ছড়ি আর কালো সানগ্লাস—সব মিলিয়ে তাঁর সাজ-পোশাক ছিল এক রাজকীয় চেহারার নিখুঁত প্রকাশ।

শাহরুখ বলেন, “আমার সন্তানরা এই আয়োজন নিয়ে খুবই উৎসাহী ছিল। সব্যসাচীর আমন্ত্রণ পেয়ে ওরা  ভীষণ খুশি হয়। আমি নিজে থেকে হয়তো কখনো আসতাম না। তাই বলতেই পারি—এটাই সম্ভবত আমার প্রথম ও শেষ মেট গালা।”

এই গালায় প্রথমবার অংশ নেন অভিনেত্রী কিয়ারা আদভানিও। মা হতে চলা কিয়ারা কালো গাউনে বেবি বাম্পসহ লালগালিচায় উপস্থিত হয়ে মাতৃত্বের উষ্ণতা ও গর্ব প্রকাশ করেন। ডিজাইনার গৌরব গুপ্তার নকশায় তাঁর পোশাকে মাতৃত্বের ছাপ স্পষ্ট ছিল।

এছাড়া পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ ঐতিহ্যবাহী পোশাকে মেট গালায় পাঞ্জাবি সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরেন। বলিউড থেকে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অংশ নেন  ক্ল্যাসিক হলিউড লুকে—সাদা পোশাকে কালো পোলকা ডটের ছোঁয়া ছিল তাঁর উপস্থিতির বিশেষত্ব।ভারতের অন্যতম ব্যবসায়ী পরিবারের সদস্য ঈশা আম্বানি অনামিকা খান্নার পোশাকে মেট গালায় হাজির হয়ে নজর কাড়েন।

২০২৫ সালের মেট গালায় বলিউড তারকাদের এমন অংশগ্রহণ শুধু ভারতীয় চলচ্চিত্রশিল্পের বিশ্বমঞ্চে   প্রতিষ্ঠার বার্তাই দেয়নি, বরং ফ্যাশনের আন্তর্জাতিক অঙ্গনেও তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

মতামত দিন