বিনোদন
ছবি: সংগৃহীত

মেট গালায় প্রথমবার শাহরুখ, প্রিয়াঙ্কা কী পরবেন?

ফ্যাশন দুনিয়ার সবচেয়ে আলোচিত ও জাঁকজমকপূর্ণ আয়োজন মেট গালার এবারের আসর শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। বিশ্বজুড়ে কোটি ভক্ত অপেক্ষা করছেন থিমভিত্তিক ঝলমলে পোশাকে প্রিয় তারকাদের দেখতে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, এবারের আয়োজনে অংশ নিতে যাচ্ছেন হলিউড, বলিউডসহ বিশ্বের একাধিক নামী তারকা। তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ডেমি মুর, শাকিরা, জেন্ডায়া, নিক জোনাসসহ আরও অনেকে। বিশেষ চমক হিসেবে জানা গেছে, প্রথমবারের মতো মেট গালার রেড কার্পেটে হাঁটবেন শাহরুখ খান।

মে মাসের প্রথম সোমবার নিয়ম অনুযায়ী নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে বসছে এবারের অনুষ্ঠান। থিম নির্ধারণ করা হয়েছে ‘সুপারফাইন: টাইলোরিং ব্ল্যক স্টাইল’ এবং ড্রেস কোড ‘টাইলোরিং ফর ইউ’।

পেজ সিক্স-এর তথ্য অনুযায়ী, এ বছর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী ম্যাডোনা ও স্টিভি ওয়ান্ডার। ডায়ানা রোজ অংশ নেবেন কন্যা ট্রেসি এলিস রস ও পুত্র ইভানকে সঙ্গে নিয়ে। কো-চেয়ার ফ্যারেল উইলিয়ামসের আমন্ত্রণে অনুষ্ঠানে থাকবেন লরিন হিলও।

রেড কার্পেটে আরও দেখা যেতে পারে বেবে রেক্সা, শাবুজি, অ্যাঞ্জেলা ব্যাসেট, অ্যাশলি গ্রাহাম, অ্যামেলিয়া গ্রে, পেইজ বুকার্স এবং মাইলস চ্যামলি-ওয়াটসনের মতো তারকাদের। অতিথিদের সঙ্গে কথা বলবেন ইগো এনউডিম।

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও জেন্ডায়া। হলিউড রিপোর্টার ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, প্রিয়াঙ্কা এবারে বালমেইনের বিশেষ তৈরি পোশাকে দেখা দেবেন এবং পরবেন বুলগারির গয়না। গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এটি তার পঞ্চম মেট গালা উপস্থিতি। প্রথমবার আমন্ত্রণ পেয়েছিলেন ২০১৬ সালে এবং অভিষেক হয় ২০১৭ সালে। তার প্রতিটি মেট গালা লুকই প্রশংসিত হয়েছে থিম অনুযায়ী পোশাক নির্বাচনের জন্য।

অন্যদিকে, জেন্ডায়ার পোশাক বা ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও, তার উপস্থিতি নিশ্চিত করেছেন তার স্টাইলিস্ট। গত বছর কো-চেয়ার হিসেবে তার পরিহিত দুটি পোশাকই ছিল দর্শকনন্দিত।

এবারের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন কোলম্যান ডোমিঙ্গো, লুইস হ্যামিল্টন, ফ্যারেল উইলিয়ামস ও এএসএপি রকি। অনারারি চেয়ার হিসেবে থাকছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। রকির অংশগ্রহণ থাকায় রিহানার উপস্থিতিও প্রায় নিশ্চিত।

তবে এবারের আয়োজনে থাকছেন না ব্লেক লাইভলি ও জিসেল বানচেন। ব্লেক নিজের প্রকল্প ও একটি আইনি জটিলতা নিয়ে ব্যস্ত, আর জিসেল সদ্য মা হয়েছেন।

মতামত দিন