দ্বিতীয় সংসারেও ভাঙ্গনের সুর ৭ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন সালমা।
সঙ্গীতের মাধ্যমে হাজার হাজার শ্রোতাকে মুগ্ধ করা জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার ব্যক্তিগত জীবন নতুন মোড় নিয়েছে। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবন শেষ করেছেন তিনি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রথমে বিচ্ছেদের খবর জানান তাঁর স্বামী, আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। পরে নিজেই সালমা বিষয়টি নিশ্চিত করেন। সালমা বলেন, “আমাদের বিচ্ছেদ হয়েছে। এটি ঘটেছিল ২৯ নভেম্বর। এখন আমি শুধুমাত্র সঙ্গীতে মনোযোগ দিতে চাই। ব্যক্তিগত বিষয় নিয়ে আর কিছু বলার নেই।”
অন্যদিকে সানাউল্লাহ নূর সাগরও ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, পারস্পরিক মতের অমিল, চিন্তাভাবনা ও মানসিকতার ভিন্নতা তাদের আলাদা হওয়ার মূল কারণ। তিনি উল্লেখ করেন, সম্মান ও মর্যাদা বজায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সকলের প্রতি অনুরোধ করেছেন, বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকতে।
সালমার জীবনে এটি দ্বিতীয়বারের দাম্পত্য বিচ্ছেদ। ২০১১ সালে তিনি পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন, যা ২০১৬ সালে শেষ হয়। এরপর সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে তাঁর দ্বিতীয় বিবাহও স্থায়ী হয়নি।
ক্যারিয়ারের উচ্চতায় থাকলেও ব্যক্তিগত জীবনে স্থায়ী সুখ বারবার অধরা থেকে গেছে। এখন ভক্ত ও শুভানুধ্যায়ীরা উন্মুখ হয়ে অপেক্ষা করছেন, সালমা জীবনের নতুন অধ্যায়ে কী পদক্ষেপ নেবেন।
মতামত দিন