শোবিজ ও জনসম্মুখ থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছেন লুবাবা,পরলেন নেকাব, মুখ আর দেখাবেন না।
জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা, যিনি প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি, সব ধরনের শোবিজ ও জনসম্মুখ থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছেন। ছোটবয়সেই ক্যামেরার সামনে দাঁড়ানো এই শিল্পী এখন থেকে কোনো অভিনয় বা মডেলিংয়ে অংশ নেবেন না।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তার মা জাহিদা ইসলাম জেমি। তিনি বলেন, “লুবাবা ধর্মীয় গ্রন্থ ও হাদিসের আলোকে জীবনধারায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সে মনে করছে, এই অবস্থায় মিডিয়ায় কাজ করা আর সম্ভব নয়।” জেমি আরও জানান, লুবাবা ইতিমধ্যেই কোরআন খতম করেছেন এবং এখন তার সময় কাটছে বিভিন্ন ধর্মীয় বই পড়ে।
সোশ্যাল মিডিয়া নিয়েও নির্দিষ্ট শর্ত রেখেছেন লুবাবা। তার মা জানালেন, কোনো প্রমোশনাল বা প্রচারণামূলক কাজ করার সময় নেকাব পরতেই হবে, মুখ খোলা কোনো কাজ করবে না।
পরিবারের পরিকল্পনা অনুযায়ী, ধর্মের প্রতি তার এই আগ্রহের অংশ হিসেবে আগামী রমজান মাসে লুবাবা ওমরাহ হজে মক্কায় যাত্রা করবেন।
লুবাবার শোবিজ জীবন শুরু হয়েছিল তার দাদা আব্দুল কাদেরের প্রেরণায়। ছোটবেলা থেকেই তার অভিনয় ও চটপটে চরিত্র তাকে দর্শকদের কাছে পরিচিত করে তুলেছিল। তবে এবার তিনি সেই পরিচিত দুনিয়াকে বিদায় জানিয়ে পূর্ণ মনোযোগ দিচ্ছেন ধর্মীয় জীবনে।

মতামত দিন