বিনোদন
ছবি: সংগৃহীত

দুই বছরের বিরতির পর ঢালিউডে নতুন রূপে হাজির হচ্ছেন অপু বিশ্বাস।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ দুই বছরের বিরতির পর ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস পর্দায় ফিরছেন। পরিচালক কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ নামের থ্রিলারধর্মী সিনেমার মাধ্যমে তিনি দর্শকের সামনে আসছেন নতুন রূপে এবং ভিন্ন স্টাইলে।

নিজেকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করতে পেরে অপু বিশ্বাস অনেকটা উচ্ছ্বসিত।

নায়িকা জানান, এই সিনেমায় দর্শকরা তাকে ‘দুর্বার গতিতে’ কাজ করতে দেখবেন। শুটিং আপডেট অনুযায়ী, তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং বাকী অংশও খুব শিগগিরই সম্পন্ন হবে। অপু বিশ্বাস বলেন, “এ সিনেমায় দর্শকরা চমক উপভোগ করবেন। গল্প, দৃশ্য ও নাটকীয়তা—সবই মজার।”

দেরিতে পর্দায় ফেরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমি সময় নিয়েছি, যাতে ভালো কাজের মাধ্যমে ফিরতে পারি। এখন যা হচ্ছে, তা সেই প্রচেষ্টা ফলাফলের প্রতিফলন।” তিনি আরও উল্লেখ করেন, “সিনেমাই আমার পরিচয়। দর্শকদের ভালোবাসা পাওয়ার এইটাই হচ্ছে মূল মাধ্যম।”

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন অপু। নতুন জুটি নিয়ে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। অপু বলেন, “সজল ভাই খুবই বিনয়ী এবং অসাধারণ অভিনয়শিল্পী। প্রথম দিন থেকেই আমাদের কাজের অভিজ্ঞতা দারুণ হয়েছে। দর্শকরা আমাদের নতুন রূপে দেখবেন।”

পরিচালক কামরুল হাসান ফুয়াদের প্রশংসা করতে গিয়ে অপু বলেন, “তিনি একজন মেধাবী নির্মাতা, যিনি গল্পের সঙ্গে সঙ্গে পরিচালনায়ও যত্নশীল। সিনেমার গল্প এবং নির্মাণ—উভয় ক্ষেত্রেই তার দক্ষতা স্পষ্ট।”

মতামত দিন