হাইকোর্টে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৩০ লাখ রুপির মানহানির মামলা কুমার শানুর।
দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও পারিবারিক বিরোধে উত্তপ্ত থাকা গায়ক কুমার শানু ও তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের দ্বন্দ্ব এবার আইনি পর্যায়ে পৌঁছেছে। মুম্বাই হাইকোর্টে কুমার শানু তার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এবং ৩০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন।
বিবাহবিচ্ছেদের প্রায় ২০ বছর পার হলেও তাদের আইনি লড়াই শোবিজ মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সূত্রের খবর, রীতা সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে, অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তিনি তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছিলেন। পাশাপাশি খাবার ও ওষুধের খরচ দেওয়ার ক্ষেত্রে উদাসীন থাকার কথাও উল্লেখ করেন। রীতার দাবি, এমনকি জীবন রক্ষার প্রয়োজনে তাকে নিজের গয়না বিক্রিও করতে হয়েছিল। এছাড়া শানুর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও রীতা কিছু বিতর্কিত মন্তব্য করেন।
এই মন্তব্যগুলো শানু সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার আইনজীবী সানা রইস খান জানিয়েছে, দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে গড়ে তোলা শিল্পীর ভাবমূর্তিকে কলঙ্কিত করা হচ্ছে এবং এর ফলে জনসাধারণের কাছে তার পরিচিতি ক্ষুণ্ন হয়েছে। একই সঙ্গে, ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে বিতর্কিত ভিডিওগুলো দ্রুত সরানোর নির্দেশ আদালতের মাধ্যমে চাওয়া হয়েছে।
সেপ্টেম্বরেও শানু রীতাকে নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু কোনো সমাধান না হওয়ায় এবার তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। ‘মেলোডি কিং’ শানুর এই পদক্ষেপ ভক্তমহলে সরগরম এবং দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন