মেসির সঙ্গে ছবি, এক শব্দেই বিপাকে টলিউড তারকা শুভশ্রী।
লিওনেল মেসির ভারত সফরকে কেন্দ্র করে কলকাতায় যখন উৎসবের আমেজ, তখন সেই আনন্দের মাঝেই অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। আর্জেন্টাইন ফুটবল তারকার সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পরই শুরু হয় সমালোচনার ঝড়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে কলকাতায় পৌঁছান লিওনেল মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি শুভশ্রী গাঙ্গুলীও। অনুষ্ঠানে মেসির সঙ্গে ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করেন তিনি।
ছবির ক্যাপশনে বাংলা চলচ্চিত্রকে ‘গোট’-এর সামনে প্রতিনিধিত্ব করার কথা উল্লেখ করেন শুভশ্রী। তবে ‘Greatest of All Time’ বোঝাতে প্রচলিত G.O.A.T শব্দের পরিবর্তে সরাসরি ‘Goat’ লেখায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে অভিনেত্রীর খেলাধুলা সংক্রান্ত জ্ঞান নিয়ে। অনেকেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেন, কেউ কেউ মন্তব্যে ব্যঙ্গও করেন।
এই বিতর্কের মধ্যেই মেসির উপস্থিতিকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনের ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন দর্শকরা। অভিযোগ উঠেছে, উচ্চমূল্যের টিকিট কেটেও অনেকে মাঠে ঢুকতে বা মেসিকে কাছ থেকে দেখতে পারেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা।
মতামত দিন