বিনোদন
ছবি: সংগৃহীত

প্রথম ওমরাহ পালন করলেন নায়ক জায়েদ খান, আধ্যাত্মিক অভিজ্ঞতায় আপ্লুত।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকাই সিনেমার পরিচিত মুখ জায়েদ খান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের নানা আয়োজনে নিয়মিত অংশ নেওয়ার মাঝেই এবার জীবনের এক ভিন্ন অভিজ্ঞতার দিকে পা বাড়ালেন তিনি।

প্রথমবারের মতো ওমরাহ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন এই অভিনেতা।

গত সোমবার (৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন তিনি। মক্কায় পৌঁছে ওমরাহর আনুষ্ঠানিকতা শেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে জায়েদ লেখেন— জীবনের প্রথম ওমরাহ তাকে মুগ্ধ করেছে, সেই মুহূর্তগুলো তাকে শান্তি ও অনুপ্রেরণায় ভরিয়ে দিয়েছে। সকলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

ধর্মীয় নিয়ম অনুযায়ী মাথা মুণ্ডনও করেন এই নায়ক। নিজের চুল নিয়ে সবসময়ই যত্নবান থাকলেও এবার বিনা দ্বিধায় তা করেছেন তিনি। স্মৃতিচারণ করে বলেন, প্রায় তিন দশক পর মাথা পুরোপুরি কামাতে হলো— ‘ক্ষত’ ছবির চরিত্রের জন্য কিছু ডিজাইন করানোর বাইরে কখনো এমনটা হয়নি।

ওমরাহ পালনকে জীবনের গুরুত্বপূর্ণ মোড় মনে করছেন জায়েদ খান। তার ভাষায়, এই আধ্যাত্মিক সফর তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে— আরও দায়িত্ববান, স্থির ও ভেতর থেকে শক্ত করে তুলেছে। নিজের জন্য যেমন দোয়া চেয়েছেন, তেমনি ভক্তদের জন্যও দোয়া চেয়েছেন তিনি।

মতামত দিন