শাহরুখ খানের বড় ছেলেকে নিয়ে নতুন বিতর্ক, পাব-এ অশালীন ভঙ্গিমায় ভাইরাল ভিডিও।
বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান আবারও মিডিয়ার আলোচনায়। প্রথম নির্মাণ ‘ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজ দিয়ে বেশ সাড়া ফেললেও সম্প্রতি বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে আচরণের কারণে তরুণ নির্মাতা বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর আরিয়ান একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরু পৌঁছান। অনুষ্ঠানের পরে অশোকনগর এলাকায় অবস্থিত একটি পাবে দুই বন্ধুর সঙ্গে দেখা যায় তাকে। অভিযোগ, বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্তে আরিয়ান জনসমক্ষে মধ্যমা আঙুল দেখিয়ে অশালীন ইঙ্গিত করেছেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
ভিডিওটি দেখে বেশ কিছু দর্শক অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। তবে কর্ণাটক পুলিশ এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, ২০২১ সালের মাদক-কাণ্ডের পর কিছু সময় আরিয়ান প্রকাশ্যে কম দেখা গিয়েছিলেন। সেই সময়ে শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “গত ৪–৫ বছরের সময় আমাদের পরিবারের জন্য কঠিন ছিল। কোভিডের কারণে আরও অনেকেই একই পরিস্থিতিতে ছিলেন। আমার অনেক ছবি ফ্লপ হয়েছিল এবং কেউ কেউ ভাবছিলেন আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে।”
তবে এক বছরের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এবার নতুন বিতর্কে আরিয়ান ফের চরম নজর কাড়লেন। এখন দেখার বিষয়, এই বিতর্ক কতোটা দীর্ঘ হয় এবং তার প্রভাব কতদূর যায়।

মতামত দিন