হত্যাচেষ্টা মামলায় জড়াল ১৭ জন তারকা শিল্পীর নাম।
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন, অজ্ঞাতনামা তিন-চারশ’ ব্যক্তি এবং ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি বিস্তৃত হত্যা ও ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন এনামুল হক নামের একজন ব্যক্তি, যিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ বলে দাবি করেছেন।
মামলায় অভিযুক্ত তারকাদের মধ্যে রয়েছেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান, নিপুণ আক্তার, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, আজিজুল হাকিম, সৈয়দা কামরুন নাহার শাহনুর, তারভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান এবং উর্মিলা শ্রাবন্তী কর।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, অভিনয়শিল্পীরা তৎকালীন সরকারকে বিপুল পরিমাণ অর্থ জোগান দিয়ে আন্দোলন দমন করার ষড়যন্ত্রে সহযোগিতা করেছেন। তাদের সহায়তায় সরকারের পক্ষ থেকে আন্দোলনে দমন-পীড়নের কৌশল গ্রহণ করা হয়। এ সময় পুলিশের গুলিতে মামলার বাদী এনামুল হক গুলিবিদ্ধ হন এবং রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সরাসরি গুলি চালানোর কাজে অভিযুক্ত না হলেও এই ১৭ জন অভিনয়শিল্পী আর্থিক সহায়তা দিয়ে সহোযোগিতা করেছেন, যা মামলা অনুসারে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে অংশগ্রহণের সামিল।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মামলাটি আদালতে গৃহীত হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে এর কার্যক্রম চলমান রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, মামলার অভিযোগপত্র এবং সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ না করে এই মামলার গ্রহণযোগ্যতা বা আইনি ভিত্তি নিয়ে স্পষ্ট কিছু বলা সম্ভব নয়।
মতামত দিন