জনতার হাতে মার খেয়ে থানায় সোপর্দ অভিনেতা সিদ্দিক।
রাজধানীর কাকরাইল এলাকায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে পিটিয়ে রমনা থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ‘আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিতে দিতে একদল লোক সিদ্দিককে মারধর করে থানার দিকে নিয়ে যায়। এক পর্যায়ে তার শরীরের কাপড় ছিঁড়ে যায়। পরে থানা প্রাঙ্গণে পৌঁছালে পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
রমনা থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, “স্থানীয় জনগণ সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত কয়েকটি সহিংস ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। যদিও এসব বিষয়ে সিদ্দিক বা তার আইনজীবীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।
প্রসঙ্গত, টেলিভিশনের জনপ্রিয় মুখ সিদ্দিক দীর্ঘদিন ধরেই ছোটপর্দায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন তিনি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। এরপর ঢাকা-১৭ উপনির্বাচনে দলীয় মনোনয়নপত্র কিনে আলোচনায় এলেও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি।

মতামত দিন