স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে বিবাহবিচ্ছেদের পথে বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি।
প্রায় ১৪ বছর আগে অস্ট্রেলিয়ায় বসবাসকারী হোটেল উদ্যোক্তা পিটার হগের সঙ্গে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। দম্পতির তিন সন্তান রয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে সেলিনা নিজেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। একই সঙ্গে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন তিনি।
অভিনেত্রীর দাবি, পিটার অত্যন্ত নিয়ন্ত্রণমূলক এবং সহিংস স্বভাবের। তিনি নিয়মিতভাবে সেলিনাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছেন। এ ছাড়া তিন সন্তানকে বর্তমানে পিতার কাছে অস্ট্রেলিয়ায় থাকতে বাধ্য করা হয়েছে এবং তাদের সঙ্গে সেলিনার যোগাযোগও কেটে দেওয়া হয়েছে।
সেলিনা আরও অভিযোগ করেছেন, পিটার তার ক্যারিয়ার ও আর্থিক স্বাধীনতা পুরোপুরি ক্ষতিগ্রস্ত করেছেন। তিনি স্বামীকে ‘নার্সিসিস্টিক’ আখ্যা দিয়েছেন এবং উল্লেখ করেছেন, সন্তান ও স্ত্রী উভয়ের প্রতি পিটার একেবারেই সহানুভূতিশীল নন।
বলিউড সূত্রে জানা যায়, সেলিনার আবেদন অনুযায়ী ইতোমধ্যেই মুম্বাই আদালত থেকে পিটার হগকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১২ ডিসেম্বর।
মতামত দিন