নিজ গায়ে আগুন ধরিয়ে দিয়ে নিহত নেপালের গায়িকা নীতু পাউডেল।
নেপালের জনপ্রিয় গায়িকা নীতু পাউডেল (৩০) নিজ গায়ে আগুন ধরিয়ে দিয়ে গুরুতর দগ্ধ হন। ২৪ অক্টোবর সকালেই কীর্তিপুর হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাঠমান্ডু জেলা পুলিশ রেঞ্জের পুলিশ সুপার পবক কুমার ভট্টরাই জানান, গায়িকা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। চিকিৎসা চলাকালীন তিনি জীবনের সঙ্গে লড়াই চালান, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দীর্ঘদিনের সহশিল্পী ও সঙ্গী গায়ক বাবুলের সঙ্গে সম্পর্কের উত্তেজনা ও দ্বন্দ্বের কারণে নীতু এমন চরম সিদ্ধান্ত নেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মানসিক যন্ত্রণার ইঙ্গিতও পাওয়া গিয়েছিল।
বাবুল ও নীতু প্রায় আট বছর ধরে ব্যক্তিগত ও পেশাদারভাবে সম্পর্কিত ছিলেন। নীতু তার সঙ্গীকে গায়ক হিসেবে প্রতিষ্ঠায় সহায়তা করেছেন এবং স্টুডিও ও রেস্টুরেন্ট পরিচালনায় সহযোগিতা করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে মনোমালিন্য বৃদ্ধি পায়।
নীতুর আকস্মিক মৃত্যু নেপালের সঙ্গীত জগতে শোকের ছায়া ফেলেছে। ভক্ত ও শিল্পী মহলও এই ঘটনায় মর্মাহত। ঘটনার পর বাবুলকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এবং আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
মতামত দিন