আবারও আলোচনায় খলনায়ক ডন,সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়।
ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন আবারও তুমুল আলোচনায়। সালমান শাহ হত্যা মামলার আসামি হিসেবে তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারের দাবি উঠেছে, একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার গাওয়া আইয়ুব বাচ্চুর কালজয়ী গান ‘এখন অনেক রাত’।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনেকে প্রশংসায় ভাসালেও, সমালোচনার ঢেউও কম নয়। কেউ লিখেছেন, “খলনায়ক হলেও কণ্ঠে দারুণ মাধুর্য আছে”, আবার কেউ সরাসরি মন্তব্য করেছেন, “গান ভালো গাইছেন, কিন্তু এখন সময় জেলের ভেতর গান গাওয়ার।”
ইতিমধ্যে ডনের বিষয়ে ইমিগ্রেশন পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানা গেছে। এদিকে তার দেশত্যাগের গুজবও ছড়ায় অনলাইনে।তবে নিজেই সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ডন ফেসবুকে লিখেছেন,“আমি কোথাও পালাচ্ছি না, প্রয়োজনে আইনের সামনে হাজির হব।”
গান গাওয়ার সেই ভিডিওতে দেখা যায়—ঘরোয়া পরিবেশে মাইক্রোফোন হাতে তিনি গাইছেন ‘এখন অনেক রাত’। কয়েক ঘণ্টার মধ্যেই লাখ লাখ ভিউ জমে, মন্তব্যে মিশে যায় প্রশংসা আর বিতর্ক দুটোই।
তদন্ত সংস্থার সূত্র বলছে, সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই চলছে। ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। আত্মহত্যা নাকি হত্যা—এই প্রশ্নের উত্তর এখনও অজানা।
মতামত দিন