অশ্লীলতা ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ জারার বিরুদ্ধে শবনম ফারিয়ার প্রতিবাদ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিকমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক শুরু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. তাসনিম জারাকে নিয়ে একটি পোস্টে ফারিয়া বলেন, "যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে, তখন আপনি এক মেয়ের ওপর আইনি নোটিশ পাঠাচ্ছেন, যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে? সে একজন এমন মানুষ, যে আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে এই দেশে কাজ করতে এসেছে, উদ্দেশ্য নতুন প্রজন্মকে আরও সচেতন, জ্ঞানসম্পন্ন এবং সুস্থ করে গড়ে তোলা। আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন?"
ফারিয়া তার পোস্টে আরও বলেন, "ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে। আমাদের দেশের অধিকাংশ মেধাবী মানুষ ইতোমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। যারা ফিরে এসে পরিবর্তন আনার চেষ্টা করছেন, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না। তাদেরকে আপনাদের পরবর্তী উপহাসের পাত্র বানাবেন না।"
এদিকে, অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির এবং ডা. তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তিনি ২০২৪-২৫ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সাদা প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
মতামত দিন