গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ।
অভিনেতা ও সাবেক সেনা কর্মকর্তা হাসান মাসুদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার (২৭ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে স্ট্রোক ইউনিটে ভর্তি করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দেওয়ার পর রাতে জরুরি বিভাগে আনা হয় তাকে। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, পাশাপাশি মৃদু হার্ট অ্যাটাকও হয়েছে।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, “বর্তমানে তিনি আমাদের পর্যবেক্ষণে আছেন, চিকিৎসা চলছে।”
১৯৮৫ সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন হাসান মাসুদ। পরে সাংবাদিকতা শুরু করেন এবং বিবিসি বাংলায় চার বছর কাজ করেন। অভিনয়ে আসেন মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ব্যাচেলর–এর মাধ্যমে।
এরপর ছোট পর্দায়ও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তাঁর অভিনীত আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে হাউসফুল, ট্যাক্সি ড্রাইভার, খুনসুটি, আমাদের সংসার, গণি সাহেবের শেষ কিছুদিন ও বাতাসের ঘর।
মতামত দিন