পরীমণি-বুবলীর দ্বন্দ্বের পর এখন অপুর সঙ্গে দূরত্ব? মুখ খুললেন অপু বিশ্বাস।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই মুখ পরীমণি ও বুবলীর সম্পর্ক নিয়ে যেমন তোলপাড় চলেছিল, তেমনি এবার আলোচনায় এসেছে পরী ও অপু বিশ্বাসের সম্পর্কের সমীকরণ।
বছরের শুরুতে বুবলীর সঙ্গে বিরোধের পর পরীমণির ঘনিষ্ঠ হয়ে ওঠেন অপু বিশ্বাস।
গত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির এক অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন অপু বিশ্বাস। সেই ঘটনার পর পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনা করেন। অপুকে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ বলেও মন্তব্য করেন তিনি। কারণ, অপু এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দু’বার দলটির মনোনয়ন চেয়েছিলেন, যদিও পাননি।
এই মন্তব্যের পর থেকে দুজনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। এমনকি পরীর ছেলের সাম্প্রতিক জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন না অপু বিশ্বাস, যা সেই জল্পনাকে আরও বাড়িয়ে তোলে।
তবে ভক্তদের সব সন্দেহ দূর করলেন অপু নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সম্পর্কের কোনো সমস্যা নেই। সবাই আমার খুব প্রিয় মানুষ, পরীও আমার পছন্দের একজন। খুব মিষ্টি মানুষ ওর মতো।”
বর্তমানে অপু বিশ্বাস অভিনয় করছেন সরকারি অনুদানের চলচ্চিত্র ছায়াবৃক্ষ-এ। বন্ধন বিশ্বাস পরিচালিত এ ছবিতে তার বিপরীতে আছেন নিরব। এছাড়া অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, সুস্মি রহমান, ইকবাল আহমেদসহ আরও অনেকে।

মতামত দিন