সামিরার কোনো দোষ আমি দেখি নাই: ডন।
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর তাঁর রহস্যজনক মৃত্যুর মামলা যখন হত্যা মামলায় রূপ নিচ্ছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ছড়িয়ে পড়েছে নানা তথ্য, পুরোনো সাক্ষ্য আর বিশ্লেষণ।
এই মামলার ৪ নম্বর আসামি জনপ্রিয় খল অভিনেতা আশরাফুল হক ডন। প্রধান আসামি হিসেবে রয়েছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্যান্য আসামির মধ্যে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।
পাঁচ বছর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন; তাঁকে হত্যা করা হয়নি। সে সময় ডন সংবাদমাধ্যমে বলেন, “আল্লাহ যা করেন, কল্যাণের জন্যই করেন। অবশেষে মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।”
তবে সাম্প্রতিক সময়ে আবারও ভাইরাল হয়েছে ডনের দেওয়া পুরনো এক সাক্ষাৎকার। চার বছর আগে শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় এক টেলিভিশন টকশোতে উপস্থিত হয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে সালমান শাহর মৃত্যুর প্রসঙ্গে জয়ের প্রশ্নে সরাসরি উত্তর দেন ডন।
জয় প্রশ্ন করেন, “সালমান ভাইয়ের আত্মহত্যার জন্য দায়ী কে—তাঁর মা, না স্ত্রী?”
ডন প্রথমে বিষয়টিকে পারিবারিক সংকট বলে উল্লেখ করলেও, পরে বলেন, “সামিরার কোনো দোষ আমি দেখি নাই।”
তিনি আরও বলেন, “সালমান আর সামিরার মধ্যে যে ভালোবাসা ছিল, তা আমি জীবনে আর কোথাও দেখি নাই।”
ডনের মতে, মৃত্যুর আগে কয়েক মাস ধরে মানসিকভাবে ভীষণ অস্থির ছিলেন সালমান শাহ। “ও ছিল দেশের সুপারস্টার। টাকা-পয়সা, গাড়ি-বাড়ি—সবই ছিল ওর। কিন্তু শেষ দিকে ছয়-সাত মাস ওর মধ্যে স্থিরতা দেখিনি,” বলেন তিনি।
ডনের ধারণা, মানসিক চাপ আর গভীর হতাশাই সালমান শাহকে জীবনের প্রতি বিতৃষ্ণ করে তুলেছিল।
মতামত দিন