সালমান শাহ হত্যা মামলার গ্রেফতার আতঙ্কে প্রধান আসামি সামিরা হক-ডনের হদিশ পাওয়া যাচ্ছে না।
ঢালিউড অভিনেতা সালমান শাহ হত্যা মামলার দুই মূল আসামি, নায়কের সাবেক স্ত্রী সামিরা হক ও চার নম্বর আসামি মোহাম্মদ আশরাফুল হক (ডন)-এর অবস্থান এখনও অজানা। মামলার তদন্তকারীরা তাদের খুঁজে বের করতে বিভিন্ন প্রযুক্তি ও আইন প্রয়োগকারী প্রক্রিয়া কাজে লাগাচ্ছেন।
মোট ১১ জনকে আসামি করা হয়েছে এই মামলায়। এর মধ্যে প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভী আহমেদ ফরহাদ রয়েছেন।
২০ অক্টোবর আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এরপরই রমনা থানায় মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। পুলিশ শুরুতেই দ্রুত অভিযান চালিয়েছে, কিন্তু সামিরা ও ডনের ব্যবহৃত মোবাইল ফোন গত কয়েক দিন বন্ধ। হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে তাদের সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, আসামিদের দেশত্যাগ রোধে এবং দ্রুত গ্রেফতারে ইমিগ্রেশন ও সীমান্ত কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এছাড়া মোবাইল ট্র্যাকিং চালানো হচ্ছে, যাতে শীঘ্রই আসামিদের আইনের আওতায় আনা যায়।

মতামত দিন