বিনোদন
ছবি: সংগৃহীত

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূর্ণিমা: ‘আমরা ভালো আছি, পরিবার নিয়ে শান্তিতে আছি’।

নিজেস্ব প্রতিবেদক:

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জনে এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী নিজে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে পূর্ণিমা জানান, তার আগের পোস্টের ভুল ব্যাখ্যা থেকেই এই ভুল ধারণার জন্ম হয়েছে।

পূর্ণিমা লেখেন, ‘সুদিনে অনেক বন্ধুই পাশে আসে, কিন্তু দুর্দিনে প্রকৃত বন্ধুর অভাব টের পাওয়া যায়।আগের স্ট্যাটাসের মাধ্যমে এই বিষয়টিই বোঝাতে চেয়েছিলাম, ব্যক্তিগত জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না।’

তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে কিছু মানুষ পোস্টটির অর্থ বিকৃতভাবে নিয়ে আমার পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছে। এমনকি কিছু সংবাদমাধ্যমও যাচাই না করে বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এতে আমি ও আমার পরিবার সত্যিই অবাক ও কষ্ট পেয়েছি।’

পূর্ণিমা স্পষ্ট করে জানান, তিনি ও তার স্বামী আশফাকুর রহমান রবিন একসঙ্গেই ভালো আছেন। ‘আলহামদুলিল্লাহ, আমরা দোয়া ও ভালোবাসায় পরিবার নিয়ে ভালো আছি,’—লিখেছেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, ‘আমার দীর্ঘ ক্যারিয়ারে সাংবাদিক ও দর্শকদের কাছ থেকে সবসময় ভালোবাসা পেয়েছি, আশা করি আগামীতেও সেই ভালোবাসা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ২০২২ সালে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। রবিন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। কাজের সূত্রে পরিচয় থেকেই তাদের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে বিয়েতে পরিণত হয়।

এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা।

মতামত দিন